আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) উপজেলার বিদ্যমান ৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে এবং মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছে। সম্প্রতি আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক আলীকদম উপজেলার বিদ্যমান ০৫টি পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও দায়িত্বরত স্থানীয় প্রশাসনের সাথে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি টহল তৎপরতা বৃদ্ধি এবং ব্যাটালিয়ন সদরে বিজিবি মনিটরিং সেল গঠনের মাধ্যমে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সকলকে আশ্বস্ত করেন।
অধিনায়ক মণ্ডপ পরিদর্শনকালে আলীকদম উপজেলার মোট ০৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। বিজিবি জানায়, এ জাতীয় সৌহার্দ্যপূর্ণ কর্মকাণ্ড পাহাড়ি-বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি/সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্য ও সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি জানিয়েছে।