কেরানীগঞ্জ (ঢাকা) সংংবাদদাতা: ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ।

জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় অভিযানে ডিবি দক্ষিণ টিম মোঃ কামাল হোসেন (৩২)-কে ৯২০ পিস ইয়াবাসহ, আবু কালাম (৪০) কে ৫০ পিস ইয়াবাসহ এবং মোঃ শহীদুল্লাহ (৪২)-কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তারা সবাই মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার চর গুলগুলিয়া এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা (নং: ৪৫, তারিখ: ২২/০৭/২০২৫) রুজু করা হয়েছে।

সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বেও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি মাদক মামলা রয়েছে।