স্টাফ রিপোর্টার, গাজীপুর: বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম “নতুন কুঁড়ি-২০২৫” এর সফল আয়োজনকে ঘিরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর আবারও আয়োজন করা হচ্ছে এ প্রতিযোগিতা, যেখানে গাজীপুর থেকে সর্বাধিক প্রতিযোগী অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিসি), মোঃ সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, মোঃ আল মামুন তালুকদার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ শায়লা ফারজানা, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সাহিন আক্তার, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন, জেলা কালচারাল অফিসার মোসাঃ শাহেলা খাতুন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহানাজ পারভীন প্রমুখ।

মানববন্ধন

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথের বড়লেখা উপজেলার জনগুরুত্বপূর্ণ খাদ্যগুদাম-গাজিটেকা রাস্তার রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বড়লেখা পৌরশহরের খাদ্যগুদামের সম্মুখে বৃহত্তর গাজিটেকা এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে সমাজসেবক মখলিছুর রহমান সভাপতিত্ব করেন।

সংবাদ সম্মেলন

পাবনা সংবাদদাতা : এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক মোবারক বিশ্বাসের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী কানিজ ফাতিমা।

২৭ আগস্ট দুপুরে প্রেসক্লাব পাবনার হলরুমে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে কানিজ ফাতিমা অভিযোগ করেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করার কারণে তাঁর স্বামী মোবারক বিশ্বাসকে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে।

তিনি জানান, ছয় মাস কারাভোগের পর আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার দিনই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কারাগারের গেট থেকে মোবারক বিশ্বাসকে পুনরায় আটক করে নিয়ে যায়। গ্রেপ্তারের সময় পুলিশ কোনো কাগজপত্র দেখাতে না পারলেও পরে চাটমোহরের একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

নাগরিক সংবর্ধনা

হাটহাজারী (চট্টগ্রাম) : জাতীয় মৎস্য পদক ২০২৫ অর্জন করায় হালদা নদী রক্ষা কমিটির সদস্য কামাল উদ্দিন সওদাগরকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় হালদা নদীর গড়দুয়ারা নয়ারহাট গোলচত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। সঞ্চালনা করেন নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক।

প্রতিরোধ কমিটির সভা

আমতলী (বরগুনা) সংবাদদাতা : ২৮ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিম্ময় হাওলাদার, কৃষি কর্মকর্তা মোঃ রাসেল, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার, বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক মো কবির উদ্দিন ফকির, বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম তালুকদার, জামায়েতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক আঃ মালেক, সদস্য আতিকুর রহমান ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ, মহিলা দলনেত্রী মীরা খান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুন অর রশিদ, সাংবাদিক জাকির হোসেন, রেজাউল করিম, হায়াতুজ্জামান মিরাজ, এম সাঈদ খোকন, এস এম নাসির মাহামুদ প্রমুখ।