কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাগড়াবাড়ি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে পাগলা হাবিব (৩৬) কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জেলার বিভিন্নস্থান থেকে ডাকাত দলের মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ও র‌্যাব-৯ এর একটি যৌথ দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে পাগলা হাবিবকে গ্রেপ্তার করে। তিনি শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের বাসিন্দা তকলিছ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘লাউয়াছড়ায় ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী পাগলা হাবিব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে চারটি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে।’