আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের পিএইচডি ডিগ্রি ভুয়া বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ। তারা নিশ্চিত করেছে, তুরিন আফরোজ ওই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেননি। এ সংক্রান্ত তথ্য সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতে জমা দেওয়া হয়েছে।
গতকাল রোববার আপিল বিভাগে একটি বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। এর আগে ১৩ মার্চ শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, তুরিন আফরোজ তার প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এসময় তিনি তার মায়ের উত্তরার বাড়িতে পুনরায় থাকার নির্দেশনা চেয়ে আদালতে প্রার্থনা করেন।
বিতর্কের কেন্দ্রে রয়েছে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বর প্লটের একটি পাঁচতলা বাড়ি, যেখানে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শাহনেওয়াজ আহমেদ ২০০২ সাল থেকে বসবাস করে আসছিলেন। ২০১৭ সালে তুরিন আফরোজ তাদের সেখান থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে।