কাতারের আল শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে (২১ জুন) কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জন ঘটনাস্থলেই প্রাণ হারান।
বাকি নিহত পাঁচ জনের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
রোববার (২১ জুন)বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম।
তিনি জানান, রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যা বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট।
নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানি গ্রাম ইউপির গাছবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা হলেন— আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং গাছবাড়ি এলাকার কাদের আহমদ।
নিহতদের লাশ বর্তমানে কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় সামাজিক সংগঠন 'জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার'-এর পক্ষ থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।
প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ের মধ্যে তাদের লাশ বাংলাদেশে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের পরিবার ও পুরো কানাইঘাট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।