ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ একযোগে পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এই প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
অবসরে পাঠানোকর্মকর্তারা হলেন, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) (পলাতক) মহা. আশরাফুজ্জামান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম। এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ সদর দপ্তরের (টিআর) ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের (পার্বত্য জেলা) ডিআইজি সালমা বেগম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
২০ কর্মকর্তাকে বদলি: একযোগে পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে নৌ পুলিশের নতুন প্রধান ও রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। নৌ পুলিশের নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম। আর রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। এছাড়া ছয়জন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মো. আশফাকুল আলমকে পুলিশ সদর দফতরের ডিআইজি, রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে সিআইডিতে ও হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে এসবির অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত, রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসের (অতিরিক্ত ডিআইজি) কমান্ড্যান্ট এ এফ এম আনজুমান কামালকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া পুলিশ সদর দফতরের এআইজি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুরের আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে পিবিআইতে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে, পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদর দফতরের ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে, রাজশাহী সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার আকতার হোসেনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার ড. এলিজা শারমিনকে এপিবিএনে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।