বিশ্বকাপ দেখতে যাওয়ার খরচ এমনিতেই কম নয়। টিকিট, যাতায়াত ও আবাসনের ব্যয় মেটানোর পর এবার সমর্থকদের জন্য নতুন একটি অর্থের বিনিময় সেবা চালু করেছে ফিফা। স্টেডিয়ামের বড় পর্দায় নিজের নাম প্রদর্শন করতে চাইলে গুনতে হবে ৭৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার টাকার সমান।

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফিফা চালু করেছে ‘সুপার শাউটআউট’ নামের নতুন সুবিধা। এর মাধ্যমে সমর্থকেরা নির্দিষ্ট ম্যাচের আগে স্টেডিয়ামের স্কোরবোর্ড বা জায়ান্ট স্ক্রিনে নিজেদের নাম প্রদর্শনের সুযোগ পাবেন। তবে ম্যাচ চলাকালে নয়, শুধুমাত্র খেলা শুরুর আগে স্টেডিয়ামের বিনোদন কার্যক্রমের অংশ হিসেবে নাম দেখানো হবে।

ফিফা জানিয়েছে, গ্রুপ পর্বের ৭২টি ম্যাচের জন্য এই সেবা উন্মুক্ত রাখা হয়েছে। সমর্থকেরা তাদের পছন্দের ম্যাচ ও দল নির্বাচন করে নাম জমা দিতে পারবেন। প্রতিটি স্লটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ ডলার। একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ চারটি স্লট কিনতে পারবেন, যার মোট খরচ হবে ৩১৬ ডলার বা প্রায় ৩৯ হাজার টাকা।

তবে অর্থ পরিশোধ করলেই যে নামটি বড় পর্দায় নির্দিষ্ট সময়, স্থানে বা নির্দিষ্ট সময়কাল প্রদর্শিত হবে, এমন কোনো নিশ্চয়তা দিচ্ছে না ফিফা। সংস্থাটির শর্ত অনুযায়ী, নামটি কখন, কতক্ষণ বা কোথায় প্রদর্শিত হবে তা সম্পূর্ণ আয়োজকদের বিবেচনার ওপর নির্ভর করবে। এছাড়া স্টেডিয়ামের সব দর্শক নামটি দেখতে পাবেন কি না কিংবা তা টেলিভিশন সম্প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্ম বা সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান হবে কি না, সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই।

‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে স্লট বিক্রি করা হবে এবং ম্যাচ শুরুর ৭২ ঘণ্টা আগে বিক্রি বন্ধ হয়ে যাবে। নাম জমা দেওয়ার পর সেটি ফিফার অনুমোদনের জন্য যাচাই করা হবে। আপত্তিকর বা অনুপযুক্ত শব্দ ব্যবহার করা হলে আবেদন বাতিল হতে পারে। ফিফার অনুমোদনের পরই সংশ্লিষ্ট অর্থ ক্রেডিট কার্ড থেকে কেটে নেওয়া হবে।

এই উদ্যোগ নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে আগেই ফিফার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে বিভিন্ন সমর্থক সংগঠন। অনেকের অভিযোগ, বিশ্বকাপ ক্রমেই সাধারণ ফুটবলপ্রেমীদের নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে নাম দেখানোর জন্যও ৭৯ ডলার নেওয়ার সিদ্ধান্ত নতুন করে বিতর্ক তৈরি করেছে।

ফিফা অবশ্য বিশ্বকাপের উচ্চ খরচের পক্ষে যুক্তি দিয়ে আসছে। তাদের দাবি, উত্তর আমেরিকার ক্রীড়া বাজারের বাস্তবতায় দাম নির্ধারণ করা হয়েছে এবং আয় বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে। তবে সমর্থকদের একাংশের চোখে এটি আরেকটি বাণিজ্যিক পদক্ষেপ, যেখানে বিশ্বকাপের আবেগকেও পণ্যে পরিণত করা হচ্ছে।

২০২৬ বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ৪৮ দলের এই আসরে ম্যাচ হবে ১০৪টি। ফুটবলের সবচেয়ে বড় আসর শুরুর আগেই মাঠের বাইরের নানা খরচ ও নীতিমালা নিয়ে আলোচনা চলছে। এবার সেই আলোচনায় যোগ হলো বড় পর্দায় নাম দেখানোর ৭৯ ডলারের সেবা।

বাংলাদেশি হিসাবে অঙ্কটা ছোট নয়। নিজের নাম কয়েক মুহূর্তের জন্য বিশ্বকাপ স্টেডিয়ামের স্ক্রিনে দেখতে চাইলে খরচ হবে প্রায় ১০ হাজার টাকা। আর সেটিও এমন এক সেবা, যেখানে দেখা যাওয়ার সময়, অবস্থান বা সম্প্রচারে ধরা পড়ার কোনো নিশ্চয়তা নেই।