স্বাগতিক ভারতের কাছে হারলেও গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল ‘বি’ গ্রুপ রানার্সআপ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে রোববার ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। ফলে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জেতায় ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা পেতে সমস্যা হয়নি লাল সবুজের দলটির। সেমিফাইনালে তাদের সামনে ‘এ’ গ্রুপের রানার্স আপ নেপাল।

একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে, গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে গত তিন আসরের রানার্সআপ নেপাল। ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে গেছে ভুটান। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার ভারত খেলবে ভুটানের বিপক্ষে। বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। প্রসঙ্গত, মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে, ভারত তাদের যাত্রা শুরু করে মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাই ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মারিয়া-আনিকাদের।

ম্যাচ শেষে বাটলার বলেন, ভারতের মতো শক্তিশালী এবং গতিশীল দলের বিপক্ষে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে একজন শতভাগ ফিট মিডফিল্ডারের বিকল্প নেই। কিন্তু চোট কাটিয়ে দলে ফেরা মনিকা এদিন ছিলেন একেবারেই নিষ্প্রভ। আন্তর্জাতিক ফুটবলের গতির সঙ্গে পাল্লা দিতে তাকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে।বলের দখল নেয়া থেকে শুরু করে নিচে নেমে রক্ষণভাগকে সাহায্য করার (ট্র্যাক ব্যাক) ক্ষেত্রে তার ধীরগতি ছিল চোখে পড়ার মতো। কোচের ট্যাকটিক্যাল কাঠামোতে তিনি এদিন নিজেকে মেলাতে পারেননি। বাটলার বর্তমানে বাংলাদেশ দলকে একটি 'ট্রানজিশন পিরিয়ড' বা পালাবদলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনেই তিনি দলে 'সার্জিক্যাল অপারেশন' বা আমূল পরিবর্তনের কথা বলেছেন। দলের ভবিষ্যৎ নেতা হিসেবে মারিয়ার নাম আলাদা করে উল্লেখ করেছেন কোচ। পাশাপাশি তরুণদের সুযোগ দেওয়ার পক্ষেও জোরালো অবস্থান নিয়েছেন। এমন পরিস্থিতিতে একজন ফিটনেস ঘাটতিতে থাকা সিনিয়র খেলোয়াড়ের জন্য একাদশে জায়গা ধরে রাখা পাহাড়সম চ্যালেঞ্জ। সাফের দুটি সেমিফাইনাল ম্যাচ ভারতের গোয়া শহরে আনুষ্টিত হবে আগামীকাল বুধবার।