২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। একদিকে যখন একের পর এক দল নকআউট পর্ব নিশ্চিত করছে, অন্যদিকে টানা ব্যর্থতায় বিদায় নিচ্ছে বেশ কিছু দেশ। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হয়েছে পানামা।
গ্রুপ ‘এল’-এ ঘানার বিপক্ষে টিকে থাকার শেষ লড়াইয়ে নেমেছিল পানামা। তবে বৃষ্টিভেজা ম্যাচে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। প্রথম ম্যাচেও জয় না পাওয়ায় টানা দুই পরাজয়ে গ্রুপ পর্বেই থেমে যায় তাদের যাত্রা।
অন্যদিকে এবারের বিশ্বকাপে অন্যতম সেরা ‘ডার্ক হর্স’ ভাবা হচ্ছিল তুরস্ককে। আর্দা গুলার ও কেনান ইলদিজদের নিয়ে আশা ছিল বড় কিছু করার, কিন্তু পরিসংখ্যানই হয়ে উঠেছে তাদের জন্য হতাশার প্রতিচ্ছবি। এরই মধ্যে দুই ম্যাচ হারে বিদায়ের ঘণ্টা বেজে গেছে তাদের। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির গল্পও শেষ হয়েছে হতাশায়। স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারের পর ব্রাজিলের বিপক্ষে ৩-০ ব্যবধানে পরাজিত হয়ে টানা দুই ম্যাচে গোল না করেই বিদায় নেয় ক্যারিবীয় এই দল।
অন্যদিকে তিউনিসিয়ার অবস্থা একই। কোচ পরিবর্তন করে হার্ভে রেনার্ডকে দায়িত্ব দিলেও ফলের পরিবর্তন আসেনি। জাপানের বিপক্ষে বিশ্বকাপের ১০০০তম ম্যাচে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে টানা দুই হারে বিদায় নেয় আফ্রিকার দলটি।
নতুন দল হিসেবে আলোচনায় থাকা জর্ডান অবশ্য লড়াই করে নজর কাড়লেও শেষ রক্ষা হয়নি। আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়ার কঠিন গ্রুপে থেকেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে হারের ম্যাচে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে গোল পায় জর্ডান, গোলটি করেন আলি ওলওয়ান। তবে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের।