বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচেই দেখা গেল তিনটি লাল কার্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেফারির পকেট থেকে বের হওয়া তিনটি লাল কার্ড। সর্বশেষ ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপজুড়ে ছিল কেবল ৪টি করে লাল কার্ডের নজির। এবার সূচনাই হলো ৩ লাল কার্ডে। গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের পর্দা ওঠে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইও দুই দলের তিন ফুটবলারকে সরাসরি লাল কার্ড দেখান। ম্যাচের বিভিন্ন সময়ে সংঘর্ষ ও কঠোর ট্যাকলের জেরে রেফারিকে তিনবার লাল কার্ড দেখাতে হয়। এর ফলে দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিথোলে ও থেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সিজার মন্তেস মাঠ ছাড়তে বাধ্য হন। ৯৬ বছরের বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে একসঙ্গে তিনটি লাল কার্ড দেখানোর ঘটনা এটিই প্রথম। হলুদ কার্ডের সতর্কতা ছাড়া সর্বশেষ এমন নজির দেখা যায় ৭২ বছর আগে। দক্ষিণ আফ্রিকার দুই মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে ও থেম্বা জেওয়ানে ৫০ ও ৮৪ মিনিটে লাল কার্ড দেখেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে একই পরিণতি বরণ করেন মেক্সিকোর ডিফেন্ডার সেজার মন্তেস।

তবে এক ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ড দেখানোর রেকর্ড এখনো অটুট রয়েছে ২০০৬ বিশ্বকাপের পর্তুগাল-নেদারল্যান্ডস ম্যাচে। জার্মানির ন্যুরেমবার্গে অনুষ্ঠিত শেষ ষোলোর সেই লড়াই ছিল উত্তেজনা, সংঘর্ষ আর বিতর্কে ভরা। পুরো ম্যাচজুড়ে অসংখ্য ফাউল ও বাগবিতণ্ডার পর রুশ রেফারি ভ্যালেন্তিন ইভানভ দুই দলের মোট চারজন খেলোয়াড়কে লাল কার্ড দেখান। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে এটাই সর্বোচ্চ লাল কার্ড এবং ম্যাচটি ‘ব্যাটল অব নুরেমবার্গ’ নামে খ্যাতি পায়। জার্মানিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সবমিলিয়ে লাল কার্ডের সংখ্যা ছিল ২৮টি, এক আসরে যা ছিল ইতিহাসগড়া কীর্তি। ওই আসরের গ্রুপপর্বে ইতালি-যুক্তরাষ্ট্র ও ক্রোয়েশিয়া-অস্ট্রেলিয়া ম্যাচে সমান ৩টি করে লাল কার্ড দেখা গেছে। ২০০৬ সালের পর এবারই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে তিন লাল কার্ডের নজির দেখা গেল। যদিও বিশ্বকাপে এক ম্যাচে ন্যূনতম তিন বা এর বেশি লাল কার্ড দেখা গেছে ৭ বার। তবে সেসব ম্যাচের কোনোটিই বিশ্বকাপের উদ্বোধনী ছিল না।

ফিফা বিশ্বকাপের তৃতীয় আসরে (১৯৩৮) সর্বপ্রথম তিনটি লাল কার্ড দেখা গিয়েছিল। যে কারণে ব্রাজিল ও সাবেক চেকোশ্লোভাকিয়ার উত্তপ্ত ম্যাচটি ‘ব্যাটল অব বোর্দো’ নামে পরিচিত। এরপর ১৯৫৪ আসরে ব্রাজিল-হাঙ্গেরির ‘ব্যাটল অব বার্ন’ ম্যাচেও ৩টি লাল কার্ড দেখা যায়।

মাঝে লম্বা সময় এক ম্যাচে এত লাল কার্ড দেখা যায়নি। ৪২ বছর পর ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকা-ডেনমার্ক ম্যাচে আবারও ফেরে তিন লাল কার্ডের দিন। সেই বিশ্বকাপে ২২টি লাল কার্ড দেখেন ফুটবলাররা। এ ছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপে ১৭, দক্ষিণ আফ্রিকার ২০১০ আসরে ১৭, ১৯৯০ ইতালি আসরে ১৬ এবং ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ১৫টি লাল কার্ড দেখেন ফুটবলাররা। মূলত প্রথম ম্যাচেই তিন লাল কার্ডের ঘটনায় টুর্নামেন্টের শুরুটা যেমন হয়েছে নাটকীয়, ফলে আবারও আলোচনায় এসেছে বিশ্বকাপের সবচেয়ে উত্তপ্ত লড়াইগুলোর ইতিহাস। ২০২৬ বিশ্বকাপের সূচনাতেই তিন লাল কার্ডের এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে, এবারের আসরে শৃঙ্খলা ও রেফারিং নিয়ে আলোচনা আরও জোরালো হতে পারে।