প্রকৃতির অন্যতম আকস্মিক ও ধ্বংসাত্মক রূপ হলো ভূমিকম্প। এটি কখন আঘাত হানবে, তা আগে থেকে আঁচ করার কোনো উপায় নেই। তবে পূর্বপ্রস্তুতি থাকলে এর ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখা অনেকটাই সম্ভব। তাই অযথা আতঙ্কিত না হয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

ভূমিকম্প মোকাবিলার প্রধান শর্তই হলো আগাম প্রস্তুতি। কম্পনের সময় ভারী আসবাব যেন গায়ের ওপর উলটে না পড়ে, সে জন্য এগুলো দেয়ালের সঙ্গে শক্তভাবে আটকে রাখা উচিত। এ ছাড়া শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ফার্স্ট এইড বক্সসহ একটি জরুরি ব্যাগ সব সময় হাতের কাছে রাখা বুদ্ধিমানের কাজ। ভূমিকম্পের সময় আত্মরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার হলো মাথা ঠান্ডা রাখা। কম্পন শুরু হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ঘরের নিরাপদ স্থানে—বিশেষ করে শক্ত কোনো টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। কম্পন থেমে গেলে দ্রুত অথচ শান্তভাবে খোলা জায়গায় বেরিয়ে আসতে হবে। বহুতল ভবনে থাকলে নিচে নামার ক্ষেত্রে কোনোভাবেই লিফট ব্যবহার করা যাবে না; সে ক্ষেত্রে সিঁড়ি ব্যবহার করাই একমাত্র নিরাপদ উপায়।

-আমানুর রহমান, শিক্ষার্থী, স্নাতক, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা।