আয়েশা সিদ্দিকা

সম্প্রতি ভারতের পশ্চিম বাংলার বিধান সভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ভূমিধস পরাজয়ের পর দলটি এখন রীতিমত অস্তিত্ব সংকটে পড়েছে বলেই দৃশ্যতা হচ্ছে। সদ্য ক্ষমতা হারানো আঞ্চলিক দলটি কার্যত ভেঙে তিন টুকরো হয়ে যাওয়ায় দলটির প্রতিষ্ঠাতা সভানেত্রী মমতা ব্যানার্জীকেই ‘বিদ্রোহী গোষ্ঠী’ পদ থেকে সরিয়ে দিয়ে রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। আবার একই দিনে মমতা ব্যানার্জীকেই চেয়ারপারসন হিসেবে রেখে নির্বাচন কমিশনের কাছে পৃথক এক তালিকা জমা দিয়েছে তার গোষ্ঠী। এ নিয়ে দেশের আইন ও নির্বাচন কমিশনের ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা চলছে। তাই আগামী দিনে বিষয়টি নিয়ে কী হতে যাচ্ছে তা এখনই নিশ্চিত করে বলার সুযোগ আসেনি। তবে একটা ঝামেলা যে তৈরি হয়েছে তা নিশ্চিত করেই বলা যায়।

ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ সদস্যরা মমতা ব্যানার্জীকে দলের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। তবে আবার কিছুক্ষণ পরে ঋতব্রত বলেন, ‘আমরা চাই দিদি আমাদের পথপ্রদর্শকের দায়িত্ব পালন করবেন।’ কলকাতা-সংলগ্ন নিউ টাউনের একটি হোটেলে সম্প্রতি সে বিদ্রোহী গোষ্ঠীর ‘বিশেষ অধিবেশন’ বসেছিল। সেখানে বিদ্রোহী গোষ্ঠীর জাতীয় কর্মসমিতির ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন দলের অনেক বিধায়ক ও স্থানীয় প্রতিনিধিরা।

চেয়ারপারসন হিসেবে যেমন মমতা ব্যানার্জীকে রাখা হয়নি সে তালিকায়, তেমনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নামও বৈঠকে উহ্য রাখা হয়েছে। বৈঠকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে মমতা ব্যানার্জী বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর ছবি ছিল না। ছিল মহাত্মা গান্ধী, ভীমরাও রামজি আম্বেদকর, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবি। তবে তৃণমূল কংগ্রেসের চেনা প্রতীক জোড়াফুল ছিল ব্যানারে।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী জানান, সাবেক মন্ত্রী এবং হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সর্বসম্মতিক্রমে দলের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। মমতা ব্যানার্জীকে সভানেত্রীর পদ থেকে সরানো নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘আমরা তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে যারা উপস্থিত ছিলেন, তারা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের সিদ্ধান্ত আমরা খুব স্পষ্টভাবে আপনাদের জানিয়েছি।’ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী অরূপ রায়, জাভেদ খান ও বিপ্লব মিত্রকে দলের ‘প্রথম দিনের সৈনিক’ বলে বর্ণনা করেন। বিধায়ক সন্দীপন সাহা, জাভেদ খান, বিপ্লব মিত্র ও ঋতব্রত ব্যানার্জীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। বিদ্রোহী গোষ্ঠীর সহ-সভাপতি হিসেবে মনোনীত হন কলকাতার সাবেক মেয়র ফিরহাদ হাকিম, সাবেক মন্ত্রী অরূপ বিশ্বাস, রথীন ঘোষ ও সাবিনা ইয়াসমিন।

অন্যদিকে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান নতুন কোষাধ্যক্ষ হবেন বলে সিদ্ধান্ত নিয়েছে ‘ঋতব্রতপন্থী’ তৃণমূল কংগ্রেস। ঘটনাচক্রে একই দিনে মমতা ব্যানার্জী দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে দলের একটি পরিবর্তিত কর্মসমিতির তালিকা জমা দেন। সে তালিকায় দলের চেয়ারপারসন হিসেবে থাকে তার নিজের নাম এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে থাকে অভিষেক ব্যানার্জীর নাম।

দলের সহ-সভাপতি হিসেবে রয়েছে দলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সীর নাম। তালিকায় যৌথ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয় দলের সংসদ সদস্য ডেরেক ওব্রায়েন ও দোলা সেনের নাম। এ তালিকা থেকে বাদ রয়েছে সে কমপক্ষে ২০ জন বিদ্রোহী সংসদ সদস্যের নামও, যারা সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে আলাদা হয়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ নামে একটি নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দলের সাথে মিশে যান। ওই গোষ্ঠী আবার জানিয়েছে যে, তারা লোকসভায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন করবেন। উল্লেখ্য, ইতোমধ্যেই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত রাজ্যসভার একাধিক সংসদ সদস্য, যেমন সুস্মিতা দেব ও সুখেন্দু শেখর রায় তাদের পদ থেকে ইস্তাফা দিয়েছেন এবং বিজেপি নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেছেন। যা দেড় দশক পর ক্ষমতা হারানো দলটিকে রীতিমত বিপর্যস্ত করে তুলেছে।

এদিকে তৃণমূল কংগ্রেসের দু’টি আলাদা কর্মসমিতির তালিকা জমা পড়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, আইন অনুযায়ী কোন তালিকা গ্রহণ করবে নির্বাচন কমিশন। তার সাথে, তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং বিশাল সম্পত্তির দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়েও চলছে জল্পনা।

‘বিদ্রোহী’ তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনের পর ঋতব্রত ব্যানার্জী দলের পরিচয়-সংক্রান্ত আইনি খুঁটিনাটির বিষয়টি আত্মবিশ্বাসের সাথে তুলে ধরেন। তিনি বলেন, ‘যা টেকনিক্যালিটির ব্যাপার আছে তা নির্বাচন কমিশন সহ অন্যান্য সংশ্লিষ্ট জায়গায় আমরা জানাব। জাতীয় কর্মসমিতি করতে হয়েছে তার নিশ্চিতভাবে টেকনিক্যাল কারণ ছিল। সে জন্যই করতে হয়েছে। সব আইন মেনে, তৃণমূল কংগ্রেসের যা সংবিধান সব কিছুর সাথে সাযুজ্য রেখে আজকের এই অধিবেশন হয়েছে।’

‘মমতাপন্থী’ বিধায়ক কতুাল ঘোষ সংবাদ মাধ্যমে বলেন, ‘আমরা খবর পেয়েছি, কিছু ব্যক্তি আমাদের দলের নাম ব্যবহার করে একটি হোটেলে বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছেন। এটি বেআইনি, এমনটা করার কোনো অধিকার বা এখতিয়ার তাদের নেই। আমরা মনে করি, তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জী এবং মমতা ব্যানার্জী মানেই তৃণমূল কংগ্রেস।’

কোনো স্বীকৃত রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী সৃষ্টির ক্ষেত্রে নির্বাচন কমিশনের কী ভূমিকা থাকবে, তার উল্লেখ রয়েছে ভারতের নির্বাচনী প্রতীক (সংরক্ষণ ও বরাদ্দ) আদেশ, ১৯৬৮-এর ১৫ নম্বর অনুচ্ছেদে। এতে বলা হয়েছে যে, নির্বাচন কমিশনের কাছে থাকা তথ্যের ভিত্তিতে যদি কমিশন নিশ্চিত হয় যে কোনো স্বীকৃত রাজনৈতিক দলে একাধিক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী রয়েছে এবং তারা সবাই নিজেদের সে মূল দল হিসেবে দাবি করছে, তবে কমিশন মামলার সব তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রতিনিধি ও বক্তব্য রাখতে ইচ্ছুক অন্যান্য ব্যক্তিদের কথা শোনার পর সিদ্ধান্ত নিতে পারে যে, ওই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে কোনো একটিই হলো সেই স্বীকৃত রাজনৈতিক দল। অন্যদিকে কমিশন এ সিদ্ধান্তও নিতে পারে যে, সেগুলোর কোনোটিই সেই মূল দল নয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত-সংশ্লিষ্ট সব প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ওপর বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে।

অবশ্য মহারাষ্ট্রের শিবসেনা দলের বিভাজনের মামলায় ২০২৩ সালে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, নিজেদের প্রকৃত দল হিসেবে দাবি করা কোনো গোষ্ঠীর ক্ষেত্রে কেবল ‘সংখ্যাগরিষ্ঠতা’ বিবেচনা করাই যথেষ্ট নয়। বরং দলের প্রতীকটি কাদের পাওয়া উচিত, সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য নির্বাচন কমিশনকে ‘অন্যান্য মানদণ্ডও বিবেচনা করতে হবে’। আদালত উল্লেখ করেছিল যে, শিবসেনার মতো মামলার ক্ষেত্রে ‘আইনসভায় কোন গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তা যাচাই করা নিরর্থক’। আদালত জানিয়েছিল, অন্যান্য মানদণ্ডের মধ্যে থাকতে পারে রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোয় সংখ্যাগরিষ্ঠতার মূল্যায়ন, দলের সংবিধান বিশ্লেষণ কিংবা অন্য কোনো উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা। এছাড়া আদালত পর্যবেক্ষণ দিয়েছিলো যে, স্পিকারের সিদ্ধান্ত কেবল লেজিসলেটিভ সংখ্যাগরিষ্ঠতার ওপর ভিত্তি করে নেয়া উচিত নয়। ‘সাদিক আলি বনাম ভারতের নির্বাচন কমিশন’ মামলায় আদালত এ ধরনের বিরোধ নিষ্পত্তির জন্য তিনটি পরীক্ষার কথা বিবেচনা করেছিল। সেগুলো হলো-দলের সংবিধান ও নিয়ম বিশ্লেষণ করা, দলের লক্ষ্যের প্রতি কোন গোষ্ঠীটি বেশি অনুগত রয়েছে তা যাচাই করা এবং দলের লেজিসলেটিভ (অর্থাৎ সংসদের উভয় কক্ষ ও রাজ্যের বিধানসভা) ও সাংগঠনিক কাঠামো, উভয় ক্ষেত্রেই কোন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তা মূল্যায়ন করা।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্য নির্বাচনী কর্মকর্তা এবং তৃণমূল কংগ্রেসের সাবেক রাজ্যসভা সদস্য জহর সরকার বলেন, ‘দুই গোষ্ঠীই তৃণমূল কংগ্রেসের নামের ওপর দাবি জানাচ্ছে। একদিকে বলছে আমার সংখ্যাগরিষ্ঠতা আছে, আরেকদিকে বলছে আমার কাছে দলের প্রতীক, নাম, সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। একই নামের ওপর যখন ডিসপিউট হয়, তখন নির্বাচন কমিশনের অবস্থান কী হবে, তা আগে থেকে বলা কঠিন।’ তিনি আরো বলেন, ‘শিবসেনার ক্ষেত্রেও আমরা এটা দেখেছি। ১৯৬৯ সালে কংগ্রেসেও আমরা এ ধরনের বিভাজন দেখেছি। একদিকে ছিল ইন্দিরা গান্ধীর অনুগত কংগ্রেস (আর) অর্থাৎ রিকুজিসনিস্টস। অপরদিকে ছিল কে কামরাজ মতো নেতাদের নেতৃত্বে পরিচালিত কংগ্রেস (ও) অর্থাৎ অর্গানাইজেশন। অর্থাৎ এইরকম রাজনৈতিক পরিস্থিতি একেবারেই নতুন নয়।’

বিশেষজ্ঞদের মতে, সংসদ সদস্যদের অন্য দলে যোগ দেয়া এবং বিধায়কদের তৃণমূল কংগ্রেসের পরিচয়ের ওপর দাবি জানানোর কারণে দলের বিদ্রোহী জনপ্রতিনিধিদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। এটা এক অভিনব ও বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

অবশ্য তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার দলে ফেরা বা না ফেরার বিষয়টি একটি চলমান রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরে বিদ্রোহের কারণে তিনি দল থেকে অপসারিত হয়েছেন বলে দলছুট বিদ্রোহীদের একাংশ দাবি করলেও, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা এখনও তাকেই দলের প্রকৃত নেত্রী বলে দাবি করছেন এবং সাংগঠনিক নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন।

একথা অস্বীকার করা যাবে না যে, পশ্চিমবঙ্গ বিধানসভায় ব্যাপক ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের ভেতর বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের সিংহভাগ বিধায়ক ও সংসদ সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। বিদ্রোহী অংশটি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা করে নতুন কমিটি গঠন করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে মমতা ও তাঁর অনুগামীরা দলের গঠনতন্ত্রের ক্ষমতা ব্যবহার করে তৃণমূলের পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন।

তবে এ দ্বন্দ্বের কারণে দলটির আইনি স্বীকৃতি এবং প্রতীক নিয়ে কলকাতা হাইকোর্টে আইনি লড়াইও শুরু হয়েছে। এমন সংকটময় মুহূর্তে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। দলত্যাগী বিদ্রোহীদের একাংশের দাবি, তিনি হয়তো আবার কংগ্রেসে ফিরে যেতে পারেন, যদিও সে সম্ভাবনা এখনও নিশ্চিত নয়। তবে সার্বিক দিক বিবেচনায় মমতার তৃণমূল কংগ্রেসে যে আত্মদহন শুরু হয়েছে তা যে সদ্য ক্ষমতা হারানো দলটিকে অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে তা নিশ্চিত করেই বলা যায়।

লেখক: শিক্ষক ও প্রাবন্ধিক।