চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চে নির্ধারিত অন্ত্যেষ্টিক্রিয়া স্থগিত করা হয়েছিল। খবর আল জাজিরা’র।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিদায় অনুষ্ঠান শুরু হবে। ৪ ও ৫ জুলাই তেহরানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই মূল জানাজা অনুষ্ঠিত হবে। এ তিন দিন (৪, ৫ ও ৬ জুলাই) তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৬ জুলাই সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
তেহরানের আনুষ্ঠানিকতা শেষে ৭ জুলাই তার মরদেহ ধর্মীয় নগরী কোমে নেওয়া হবে। যেখানে মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর ৯ জুলাই খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তেহরানে অনুষ্ঠিত প্রধান জানাজা ও বিদায় অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।