পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দীপেন দেওয়ান। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
গত ১ জুন সোমবার দুপুরে অসুস্থতার কারণ দেখিয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। তার এই পদত্যাগের পর থেকেই রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় তার অনুসারীরা বিক্ষোভ ও মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে জনমনে উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হওয়ায় তিনি ৩ জুন রাতে এই শান্ত থাকার বার্তা দেন।
ফেসবুক পোস্টে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে ধৈর্য ধরার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আইন-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখুন।’ কোনো ধরনের উসকানি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক সহমর্মিতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও আমাদের সবার।’