সংসদ রিপোর্টার
প্রবাসীদের এনআইডি এবং পাসপোর্ট সংকট দ্রুত নিরসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সেইসাথে প্রবাসী যোদ্ধারা লাশ হলে তা নিয়ে যেন টানাটানি না করা হয় সেই অনুরোধও জানান তিনি। প্রবাসীদের দূতাবাসের সেবাগুলো ভালোভাবে দেওয়ার জন্য টাস্কফোর্স গঠন করার সুপারিশও করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।
গতকাল বুধবার ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুসারে প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিষয়টি নিয়ে অন্যদের মধ্যে আলোচনায় অংশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, সংসদ সদস্যদের মধ্যে ব্যারিস্টার নজিবুর রহমান, প্রবীণ সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, মনিরুল হক, তরুণ সংসদ সদস্য মাহবুব আলম, আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা আমাদের কারো ভাই, কারো পিতা, কারো আত্মার আত্মীয়। তারা বিদেশে থেকে কাঁদে কিন্তু সামনে আসে না। তারা সংসারের রুটি রুজির জন্য বিদেশে অবস্থান করে। কিন্তু তারা বিদেশের মাটিতে মারা গেলে টানা-হ্যাঁচরা শুরু হয়। তিনি এসব প্রবাসীদের সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন বিদেশে যারা পাসপোর্ট, এনআইডি এবং ভিসা সংক্রান্ত সমস্যায় আছেন তাদের সমস্যাগুলো যেন দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
তিনি দেশ থেকে চলে যাওয়া মেধাবীদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ভারতের উদাহরণ টেনে বলেন, দেবী শেঠিকে ফিরিয়ে এনে সম্মান এবং তাকে কাজ করার সুযোগ করে দিয়েছে ভারত। তিনি দেশের তরুণ মেধাবীদেরও ফিরিয়ে আনার আহ্বান জানান।
উদাহরণ টেনে ডা. শফিকুর রহমান বলেন, বিমানে ওয়াই ফাই যুক্ত এবং ৪জি যুক্ত করেছেন বাংলাদেশের যুবক। তাদের মতো মেধাবীদের ফিরিয়ে আনা যায়। এজন্য তাদের কাজের সুযোগ ও অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
তিনি প্রবাসীদের দেশে সম্পদের নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলেন। সম্পদ হস্তান্তরের জটিলতাকেও জাতীয় সংসদে তুলে ধরেন। বিষয়গুলো সুরাহা করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি দেশ থেকে শ্রমিক রফতানির কথা না বলে কোনো সম্মানজনক নামে অভিহিত করার প্রস্তাব করেন জাতীয় সংসদে।
আলোচনায় অংশ নিয়ে মো. নাজিবুর রহমান বলেন, বিদেশ কেউ যান জমি বিক্রি করে, আবার কেউ যান ঋণ করে। বিদেশে গিয়ে তারা মানবিক জীবনযাপন করেন। এরপরও তাদের হয়রানি করা হয়। তাদের হয়রানি বন্ধে আইনজীবী রাখা হউক।
মাহবুব আলম জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রবাসে জনশক্তি পাঠাতে দালাল চক্রের দৌরাত্ম বন্ধ করার আহ্বান জানান।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। নরুল হক নূর প্রবাসীদের জন্য হাসপাতাল ও সিটি তৈরির প্রক্রিয়ার কাজ চলছে বলে সংসদকে জানান।