বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, আদর্শবান ও দক্ষ শ্রমিক নেতৃত্ব গড়ে উঠলে কর্মক্ষেত্রে শৃঙ্খলা, উৎপাদনশীলতা এবং শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা আরো সুদৃঢ় হবে। এজন্য তিনি শ্রম আইন সম্পর্কে জ্ঞান অর্জন করার উপর গুরুত্বারোপ করেন।

গতকাল শনিবার রাজশাহীতে ‘শ্রমিক নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি’ করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ‘ট্রেড ইউনিয়ন ও ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদক শিক্ষাশিবিরে’ প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। রাজশাহীর বড়কুঠিস্থ মসজিদ মিশন একাডেমিতে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ফেডারেশন সভাপতি অধ্যাপক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক এবং উপদেষ্টা মইনুল হোসেন ও গোলাম মুর্তজা। সঞ্চালনা করেন রাজশাহী জেলা সেক্রেটারি মো. শফিকুল ইসলাম।

অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নৈতিকতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, আদর্শবান ও দক্ষ শ্রমিক নেতৃত্ব গড়ে উঠলে কর্মক্ষেত্রে শৃঙ্খলা, উৎপাদনশীলতা এবং শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা আরো সুদৃঢ় হবে। প্রধান আলোচক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বর্তমান সময়ে শ্রমিক সংগঠনগুলোকে আরো সুসংগঠিত, সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি শ্রম আইন সম্পর্কে জ্ঞান অর্জন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং শ্রমিকদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথিদের বক্তব্যে শ্রমিকদের অধিকার সংরক্ষণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আদর্শভিত্তিক নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়। তাঁরা বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে পারলে শ্রমিক আন্দোলন আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, শিক্ষা শিবিরের মাধ্যমে ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাংগঠনিক জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।

দিনব্যাপী শিক্ষা শিবিরে কুরআনের শিক্ষা, ট্রেড ইউনিয়ন গঠন ও সংগঠন সম্প্রসারণে নেতৃত্বের ভূমিকা, ইসলামী শ্রমনীতি, শ্রম আইনে শ্রমিকদের অধিকার, শ্রমিক সংগঠন সম্প্রসারণ ও শক্তিশালীকরণ এবং বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক নেতাদের করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।