গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৪ জুলাই (শনিবার) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। রাজধানী ঢাকা ব্যতীত দেশের সকল মহানগরী ও জেলা সদরে এই কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার পূর্ব ঘোষিত এই বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সংশ্লিষ্ট সকল শাখাকে নির্দেশনা দিয়েছেন। একই সাথে কর্মসূচির সার্বিক সাফল্যে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার আদায় এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য এই আন্দোলনের ডাক দিয়েছে। ৪ জুলাইয়ের বিক্ষোভ কর্মসূচিটি শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে সফল করতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রতি বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।