নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা জামায়াত কর্মী আব্দুল গফুরের (৬০) বাড়ির দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। বুধবারের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যক্তির রেখে যাওয়া চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়ায় পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

নলডাঙ্গা পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ড. জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে আব্দুল গফুর মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট রাখা দেখতে পায়। মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা বাড়ির দরজার সামনে একটি কাফনের কাপড় ও চিরকুট রেখে যায়। বিষয়ট সকলের নজরে আসার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পরেন। চিরকুটে লেখা রয়েছে "সময় থাকতে ভাল হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভাল হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হো"। ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল গফুর ও আব্দুল বারিকসহ অন্য প্রতিবেশীরা জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ংকর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন ঘটনায় তারা আতঙ্কিতও হয়ে পড়েছেন। কে বা কারা এ ধরণের কাজ করেছে,তা তারা বুঝতে পারছেন না। ভুক্তভোগি পরিবারের সদস্যরা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে নলডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি নুরে আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।