রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের ফলে সেখানে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যসেবা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। তবে সাপ্তাহিক ছুটির আগের দিন এমন সিদ্ধান্ত নেয়ায় সেখানে ভর্তি রোগীদের চলমান চিকিৎসাসেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক এবং এটি হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার পরিচায়ক। তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের কার্যক্রম বন্ধের আগে সেখানে চিকিৎসাধীন রোগীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা প্রয়োজন ছিল। রোগীদের বিকল্প চিকিৎসা ব্যবস্থার সুযোগ নিশ্চিত করে হাসপাতাল বন্ধের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যেতে পারত।
নূরুন্নিসা সিদ্দীকা আরো বলেন, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছে। বিশেষ করে নিম্নআয়ের ও অসচ্ছল মানুষের জন্য তুলনামূলক কম খরচে চিকিৎসা সুবিধা প্রদান করে প্রতিষ্ঠানটি।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসপাতালটিতে চিকিৎসাধীন নারী, শিশু ও অন্যান্য রোগীদের স্বার্থ বিবেচনায় নিয়ে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। একই সঙ্গে সেখানে অবস্থানরত রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।