রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : নির্মাণের এক বছর যেতে না যেতেই কার্পেটিং করার আগেই পাকা সড়কে অন্তত দুটি স্থানে পুরোপুরি ধস নেমেছে। বিভিন্নস্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। সড়কের দুই পাশে ধরেছে ভাঙন। সামান্য বৃষ্টিতে জমে গেছে পানি। এতে দুর্ভোগে পড়তে হয় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ ছাত্র ছাত্রী ও স্থানীয় প্রায় ১০ হাজার বাসিন্দাদের। এমন বেহাল অবস্থা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের লোকমান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ করায় নির্মাণকাজ শেষ হতে না হতেই সড়কে ধস দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টদের দাবি, কার্যাদেশ মেনেই সড়কের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থ বছরে উপজেলা প্রকৌশল কার্যালয় ৬৯ লাখ ৩৮ হাজার ৬১৯ টাকা ব্যয়ে ৩৪৮ মিটার দৈর্ঘ ও ১২ ফিটের পাকা সড়ক নির্মাণ করতে দরপত্র আহ্বান করা হয়।

লক্ষ্মীপুর জেলা শহরের মেসার্স এজে এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের নির্মাণকাজ নেয়। ২০২৪ সালের প্রথম দিকে সড়কের নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় এ বছরের প্রথম দিকে। এর অল্পকিছু দিনের মধ্যেই দেখা সড়কে দেয় ধস।