রংপুরের কাউনিয়ায় ফ্যামিলি কার্ড (টিসিবি) বিতরণে অনিয়ম ও টাকা আদায়ের অভিযোগে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলামকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তিনি টেপামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৭ই জুন মঙ্গলবার টেপামধুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির স্মার্ট কার্ড বিতরণের সময় ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে পীরগাছা সেনা ক্যাম্পের সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে। আটক রাশেদুল ইসলাম উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং একই ইউনিয়নের বুড়িরহাট এলাকার আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐ দিন ইউনিয়নের বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চলছিল। এ সময় চেয়ারম্যান রাশেদুল ইসলাম প্রতিটি কার্ডের বিপরীতে প্রত্যেকের কাছ থেকে ৩শ’ টাকা করে আদায় করছিলেন। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা কার্ডের বিনিময়ে টাকা আদায়ের প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চেয়ারম্যানকে আটক করে কাউনিয়া থানায় হস্তান্তর করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সাড়ে নয়টার সময় কাউনিয়া থানার ৬ নং টেপামধুপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও টেপামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় গ্রেফতার করে। এ ব্যাপারে বাদী পশ্চিম রাজিব গ্রামের ভুক্তভোগী নুরুজ্জামানের (৭৩) এজাহারের প্রেক্ষিতে রশিদের মাধ্যমে চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অপরাধে কাউনিয়া থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।