কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : জেলার কুমারখালীর ছেউড়িয়ায় লালন মেলায় পেশাগত দায়িত্ব পালনকালে মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক রাজু আহমেদ আহত হয়েছেন। মঙ্গলবার ১৪ অক্টোবর দুপুরে লালন মেলার মাঠে এঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রাজু আহমেদ অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
আহত রাজু আহমেদ বলেন, লালন মেলায় ৩০০টি গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক বিক্রি ও মাদকসেবন করা হয়। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা এবং বেধড়ক মারপিট করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজু সাংবাদিক তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিল। এসময় মঞ্চের পাশে একদল মাদক ব্যবসায়ী তার ওপর হামলা করে। লালন মেলায় শত শত গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক সেবন ও বিক্রি করা হচ্ছে। মাদক কারবারিদের দখলে লালনের মাঠ। তারা যাকে তাকে হুমকি-ধামকি দেন। রাজু আহমেদ আরও বলেন, গত এক সপ্তাহ আগে থেকে শত শত গাঁজা ব্যবসায়ী গাঁজার দোকান বসিয়েছে। সেখানে অবাধে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে ডিসি অফিসের এক মিটিংয়ে ডিসির সামিনে মাদক ব্যবসার বিষয়টি তুলে ধরেছিলাম। একইসাথে মাদক ব্যবসায়ীদের কারণে লালন মেলার অনিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের ঝুঁকির বিষয়গুলো ডিসি সাহেব বরাবর তুলে ধরেছিলাম। আজ লালনের মাঠে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজন পরিকল্পিতভাবে আমার ওপর হামলা এবং বেধড়ক মারপিট করে । কুষ্টিয়ার সাংবাদিক নেতা ও সিনিয়র সাংবাদিকরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, লালন মেলার মাঠে রাজু সাংবাদিকের উপর হামলা ঘটনা ঘটেছে। তাকে মারপিট করে আহত করা হয়েছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম বলেন, লালন মেলার মাঠে রাজু সাংবাদিকের ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক এবং লালন একাডেমির ব্যর্থতা। তাকে মারপিট করে আহত করা হয়েছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাংবাদিক রাজু আহমেদ হামলা ও মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে সেবা দিচ্ছেন। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।