দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে মসজিদ, মাদরাসা, কবরস্থান ও এতিমখানার ব্যবহৃত সরকারি জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
সম্প্রতি দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের সরকার বাড়ি এলাকার রবি টাওয়ার সংলগ্ন সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চেঙ্গাকান্দি-গোলাপের চর দারুল কোরআন মাদরাসা ও কবরস্থান পরিচালনা কমিটি এবং স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন মসজিদের ইমাম, মুসল্লি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল সরকারের খাস জমি, যা মসজিদ, মাদরাসা, কবরস্থান ও এতিমখানার প্রয়োজনে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে Í তা অসৎ উপায়ে বন্দোবস্ত নিয়েছে। তারা দ্রুত এই বন্দোবস্ত বাতিলের দাবি জানান।
প্রতিবাদকারীরা বলেন, ভরাট করা বালু ও মাটি জনসাধারণের চলাচলের পথে জলাবদ্ধতা সৃষ্টি করছে। বিশেষ করে মুসল্লিরা নামাজে যেতে এবং জানাজা-মরদেহ কবরস্থানে নিতে দুর্ভোগ পোহাচ্ছেন।
চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, “গফুর মিয়া নামে এক ব্যক্তি মসজিদের পাশে এতিমখানা, কবরস্থান ও মাদরাসার ব্যবহৃত জায়গাটি নিজের নামে লিজ নিয়েছেন। এরপর রাতে মাটি ফেলে তা দখলের পাঁয়তারা করছেন। এতে ধর্মীয় ও সামাজিক কর্মকা- চরমভাবে ব্যাহত হচ্ছে।”
স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান বলেন, “মসজিদ ও মাদরাসার লাগোয়া খাস জমি বন্দোবস্ত দেওয়া ধর্মপ্রাণ জনগণের প্রতি অবিচার। প্রশাসনের উচিত দ্রুত এই অমানবিক সিদ্ধান্ত বাতিল করা।”
এসময় জমিলা আক্তার নামে এক নারী বলেন, “বালু ফেলার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। আমরা এখন ঘর থেকে বের হতেও সমস্যায় পড়ি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি মিছিল বের করে এবং প্রশাসনের কাছে অবিলম্বে জায়গাটি পুনরুদ্ধারের জোর দাবি জানান।