রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, আগামী দিনে বৈষম্যহীন কল্যাণকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ জামায়াত ইসলামি। নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে কাজ করছে জামায়াত ইসলামি।
গত শুক্রবার জামায়াতে ইসলাম নরসিংদী জেলার পলাশ শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াত ইসলাম পলাশ উপজেলা শাখার আমীর মাওলানা আবুল কাশেম শিকদার।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন এসময় বলেন, জামায়াতে ইসলাম সত্য ও ন্যায়ের পথে আছে বলেই দীর্ঘ ১৬ টি বছর এতো জেল জুলুম নির্যাতন ও অত্যাচারের পরও আজ দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে। এখন পর্যন্ত জামায়াতে ইসলাম দেশের প্রায় ৩০০টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।
দলের পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মাসুদ করিমের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের নরসিংদী জেলা আমীর মাওলানা মোছলেহুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য সায়েদুজ্জামান, আব্দুল জব্বার, মাধবদী থানার আমীর মাওলানা আবুল আজিজসহ স্হানীয় নেতাকর্মীগণ।