আমিনুল ইসলাম হিরো, রায়গঞ্জ : দৈনিক সংগ্রাম পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় তোজাম্মেল-জহুরা দম্পতি পেয়েছেন সাবলম্বী উপকরণ হিসেবে ২টি ছাগল।

গত বুধবার দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অসহায় ঐ দম্পতির হাতে সাবলম্বী উপকরণ হিসাবে দু’টি ছাগল বিতরণ করা হয়।

এর আগে রায়গঞ্জে হতদরিদ্র দম্পতির মানবেতর জীবনযাপন শিরোনামে সংবাদ প্রকাশের পর হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ও শাহজাদপুরের প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানির সার্বিক সহযোগিতায় একটি হুইল চেয়ার ও দু’টি ছাগল তোজাম্মেলের হাতে তুলে দেয়া হয়। এ সময় তোজাম্মেল হকের স্ত্রী জহুরা বেগম বলেন, অর্থের অভাবে একটি হুইল চেয়ার কিনতে ও ভাল খাবার কিনতে পারি নাই। আপনাদের মাধ্যমে খোঁজ পেয়ে শাহবাজ খান সানি আমাদের একটি হুইল চেয়ার ও সাবলম্বীর জন্য দুটি ছাগল কিনে দিয়েছেন। এতে আমরা অনেক খুশি। তাদের জন্য দোয়া করি যেনো আমাদের মতো অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

এ সময় প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি, স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, ফুলজোড় রক্তদান সংগঠনের মো. একরামুল হক, স্বেচ্ছাসেবী মো. ইউসুফ আলী, মো. রাজু, নাজমুল, আরাফাতসহ গণমাধ্যম কর্মী আমিনুল ইসলাম হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।