আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন এবং জীবনযাপনের যাবতীয় ব্যবস্থা করেছেন। তাই প্রতিটি মানুষের উচিত মহান সৃষ্টিকর্তার সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা। অন্যথায় আমাদের এতো কর্মব্যস্ততা, আমাদের পুরো জীবনই অনর্থক হয়ে যাবে।
বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থা আয়োজিত তিন দিনব্যাপী ২১তম তাফসীর মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কাসেমী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অহংকার মানুষের অন্তর থেকে সহজে দূর হয় না। তাই আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য আল্লাহওয়ালাদের সান্নিধ্যে সাধনা করতে হবে। আধ্যাত্মিক পরিবর্তন ছাড়া জীবনের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।
মাহফিলের যৌথ সঞ্চালনায় ছিলেন মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আইয়ুব জাহাঙ্গীর। কুরআন তেলাওয়াত করেন প্রখ্যাত কারী সাঈদুল ইসলাম আসাদ।
অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন মুফতি কেফায়েতুল্লাহ, মাওলানা ওসমান ফয়েজী, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী ও মাওলানা মুঈন উদ্দীন।
বক্তারা বলেন, পবিত্র কুরআন জীবন বিধান, মহানবী (সা.) পথপ্রদর্শক এবং সাহাবায়ে কেরাম অনুকরণীয় আদর্শ। ইসলামী আকীদা-বিশ্বাসের জ্ঞান অর্জন ছাড়া প্রকৃত মুসলিম হওয়া যায় না। ইসলামী জীবনবিধানের সঙ্গে সেকুলারিজম বা কমিউনিজমের কোনো সম্পর্ক নেই, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান নিহিত রয়েছে।