শাহজালাল শাহেদ, চকরিয়া: “কুরআনের আলোয় আলোকিত হোক বিশ্বময়” এ স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ এর কক্সবাজার জেলা পর্যায়ের অডিশন সম্পন্ন হয়েছে। এতে ইয়েস কার্ড পেয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছে তিনটি গ্রুপের ৪৫জন শিক্ষার্থী। সম্প্রতি চকরিয়া উপজেলার উত্তর সুরাজপুর কৈয়ারবিলপাড়া তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ ছৈয়দ করিম।

সুরাজপুর তা’লিমুল কুরআন ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল গফুরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার মুহাম্মদ মিনহাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিভিন্ন মাদরাসার প্রধান, প্রতিনিধি এবং স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ ক্বারী মাওলানা সিব্বির আহমদ, সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি মুহাম্মদ আমির হোসেন মিয়াজী, হাফেজ ক্বারী মোহাম্মদ আবু রায়হান ও হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদ।

আলোচনা শেষে অতিথিরা জেলা অডিশনের প্রতিযোগিতায় উত্তীর্ণ ৪৫জন বিজয়ীর হাতে সনদপত্র, ইয়েস কার্ড, ক্রেস্ট ও অ্যাওয়ার্ড তুলে দেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

উল্লেখ্য, আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় হুসনে সাওত গ্রুপের ৪০ জন, ৫ পারা গ্রুপের ৭৫ জন এবং ১০পারা গ্রুপের ৭০ জনসহ জেলার বিভিন্ন হিফজ মাদরাসার ১৮৬ জন হাফেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।