বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারায় বেসরকারি সংস্থা আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আক্কাছ আলী শেখ ও তার দুই ছেলে গ্রাহকের জমানো ৩ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। টাকা হারিয়ে ভুক্তভোগী সমিতির গ্রাহকরা দিশাহারা হয়ে পড়েছেন। এই ঘটনায় রোববার (১৮ মে) বিকালে বাগমারা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে অর্ধশতাধিক ভুক্তভোগীরা বেসরকারি সংস্থা আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আক্কাছ আলী মাষ্টার ও সমিতির কর্ণধার তার দুই ছেলে বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে সাংবাদিক সম্মলেন করছেন। তারা অবিলম্বে সরকারের আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২০১৬ সালে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড স্থাপিত করেন গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মাষ্টার আক্কাছ আলী শেখ। তিনি ২০১৭-১৮ সালে উপজেল সমবায় অধিদপ্তর থেকে ক্ষুদ্র সঞ্চয় জমা নেয়ার জন্য অনুমতি পান। সমবায় থেকে অনুমতি নেয়ার পর থেকে আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী ও সভাপতির দায়ীত্ব নেন মাষ্টার আক্কাছ আলী শেখ। এছাড়া তিনি তার ছেলে রায়হান আলী শেখকে উক্ত প্রতিষ্টানের সাধারণ সম্পাদকের দায়ীত্ব দেন। অপর দিকে একই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার হিসেবে নিয়োগ দেন তার আপন ভাগিনা সোহরাব হোসেনকে। শুরু হয় প্রতাণার কলা কৌশল। চড়া লাভের প্রলোভন দিয়ে সমিতির নামে টাকা জমার এক পর্যায়ে তারা শতাধিক গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে তাল বাহানা শুরু করে। টাকা মাঠ পর্যয়ে গ্রাহকদের দেয়ার নামে সমিতির কার্যক্রম গুটিয়ে নিতে থাকে। এক পর্যায়ে তারা সকল মুলধন নিয়ে উধাও হয়। এতে বেকায়দায় পড়েন জামানত ও জমাদানকারি গ্রাহকেরা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক আক্কাছ আলী শেখ সমিতিতে টাকা জমার কথা স্বীকার করে বলেন, আস্তে আস্তে সকল গ্রাহকের টাকা পরিশোধ করা হবে। এছাড়া মাঠ পর্যায়ে টাকা থাকায় টাকা দিতে দেরি হচ্ছে বলে তিনি দাবি করেন।