দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি পৌরসভার প্রশাসক রেদওয়ান ইসলাম ডেঙ্গু মশার বিস্তাররোধে নানান উদ্যোগ হাতে নিয়েছেন। সম্প্রতি বর্ষা মৌসমের সঙ্গে পাল্লা দিয়ে এই পৌরসভার ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা হওয়া উদ্বেগজনক হারে বাড়ছে। জানা যায়, সবজিকান্দি ও দোনারচর এলাকাজুড়ে এখন ঘরে ঘরে ডেঙ্গু রোগী। প্রায় শতাধিক রোগী এ ডেঙ্গু জ্বরে আক্রান্তের খবর পাওয়া গেছে।কেউ চিকিৎসা নিচ্ছেন বাসায়, আবার কেউ হাসপাতালে। এ রোগে আক্রান্ত হয়ে দোনারচর গ্রামের বাসিন্দা নাজির চোধুরীর স্ত্রী মারা গেছেন বলে জানা গেছে।

পৌরসভার প্রশাসক রেদওয়ান ইসলাম জানান, পৌরসভার ৫ নং ও ৬ নং ওয়ার্ড ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। তাই আমরা পৌরপ্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব কমাতে কিছু কার্যক্রম হাতে নিয়েছি। সেই সঙ্গে পৌরবাসিকে বলব, আপনারা আতঙ্কিত হবেন না, সচেতন ও শতর্ক থাকুন। বাসাবাড়ি, আঙ্গিনা, ফুলের টব পরিস্কার রাখুন। ময়লার পানি ও বৃষ্টির পানি জমতে দিবেন না। তিনি আরও বলেন, ডেঙ্গু মশার বংশবিস্তাররোধ ও এর লাভা ধ্বংসে আমাদের কার্যক্রম চলমান থাকবে।