সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা: সীতাকুণ্ডে বিক্রির উদ্দেশ্যে আনা ২২ লাখ টাকা মূল্যের ১২ টি কুরবানির গরু লুটকারী চক্রের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃত ব্যক্তির নাম তামিম। একই সঙ্গে লুট হওয়া গরুগুলোকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গত রোববার ভোররাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পিকআপ ভ্যানভর্তি ১২টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রযুক্তির সহায়তায় ভাটিয়ারির বিএসবিএ হাসপাতালের সামনের খালি জায়গায় অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধার করা হয়। এ সময় কুরবানির গরু লুটে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গরুগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।