দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় কারখানার আট কর্মীকে আটক করে পুলিশ।

সম্প্রতি গৌরীপুর আমীরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) গৌরীপুর কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়। আটকরা হলেন নেত্রকোনার আবুল কালাম (৩৫), দুলাল মিয়া (৩২), আবু কালাম (৩৯), মো. সোহাগ মিয়া (৩০), মো. সুজন মিয়া (৪১), মো. চান মিয়া (৩৮), আ. লতিফ (৪০) এবং সুনামগঞ্জের মাইদুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, রবিবার রাতে চুন কারখানার মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিজিডিসিএল গৌরীপুর কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্ত বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কারখানাটি রাজিবের গ্যারেজ সংলগ্ন স্থানে স্থাপিত বিজিডিসিএলের ৪ ইঞ্চি বিতরণ লাইনে অবৈধভাবে দুটি সার্ভিস-টি বসিয়ে সংযোগ নিয়েছিল। মেইন লাইন থেকে প্রায় ৮০ ফুট দূরের এই কারখানায় ১৩টি ফোকাস বার্নার দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকার গ্যাস ব্যবহার করে সরকারের বড় অঙ্কের ক্ষতি হচ্ছিল।”

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “অবৈধ সংযোগ বিচ্ছিন্নের সময় আটজনকে আটক করা হয়। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।”