শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি শ্রীমঙ্গল পৌরসভার সভাকক্ষে আয়োজন করা হয়, এতে মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়া সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রেস কাউন্সিলের সুপারিন্টেনডেন্ট মো: সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নিপেন্দ্র বিশ^াস উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, ‘অপসাংবাদিকতা প্রতিরোধে সারা দেশের ৬৪ জেলা এবং সকল উপজেলার সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ চলছে।

তিনি বলেন, হলুদ সাংবাদিকতা সমাজের এক দুষ্ট ক্ষত। এটি প্রতিরোধ করতে হলে সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা অর্জনের জন্য নিয়মিত স্টাডি করতে হয়।

সভায় বক্তারা অপসাংবাদিকতা বর্জন করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে প্রকৃত সংবাদ পরিবেশন করা, ভুল তথ্য প্রকাশ না করা এবং নিজেদের অধিকার আদায়ে সচেতন এবং সচেষ্ট থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানানো হয়। তারা বলেন- কোন ঘটনা ঘটার পর বিচার করা সাংবাদিকের কাজ নয়। সঠিক সংবাদ পরিবেশন করাই প্রকৃত সাংবাদিকের ভূমিকা হওয়া উচিৎ। ভুল সংবাদ পরিবেশন করে জনগণকে যে আপনি সঠিক তথ্য থেকে বঞ্চিত করলেন, এতে জনগণ আপনাকে ভালোভাবে নিবে না। অপসাংবাদিকতা এবং কপি পেষ্ট করে বেশি ঠিকে থাকা যায় না বলে উল্লেখ করেন।