মাগুরা সংবাদদাতা : শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৯০ বছর বয়সী এলাচি বেগমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্প্রতি উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাচি উপজেলার জোকা গ্রামের মৃত নয়ন মোল্যার স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সনৎ চন্দ্র বিশ্বাস (২৩) মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। মনৎ রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বন্যতল গ্রামের ভরৎ চন্দ্র বিশ্বাসের পুত্র জানা যায়, উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় শ্রীপুরগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল এলাচি বেগমকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল আরোহী পাকা রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, নিহতের পরিবারটি শোকাহত। এখন পর্যন্ত এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।