বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিনিধি দলটি ইঞ্জিনচালিত ট্রলারযোগে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত নিমদী, নিজ তাঁতেরকাঠি, ধানদী, ডালিমা, কচুয়া এলাকায় পরিদর্শন করেন।

পানি উন্নয়ন বোর্ডের পটুয়াখালীর নির্বাহি প্রকৌশলী মো. রাকিবের নেতৃত্বে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ, উপবিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ গাজী, উপসহকারি প্রকৌশলী মো. সোহেল রানা, মো. আতিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে নিমদী লঞ্চঘাট, ধানদী, ডালিমা এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের কয়েকশ’ মানুষ এসে নদী পাড়ে ভিড় জমায় ও প্রতিনিধি দলের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। প্রতিনিধি দলের কর্মকর্তারাও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেয়।

নির্বাহী প্রকৌশলী মো. রাকিব কালবেলাকে বলেন, ‘ভাঙন কবলিত এলাকা স্বচোখে দেখেছি। প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।’