পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা : চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে কক্সবাজারের পেকুয়ায় বিএনপির আয়োজনে এক বিক্ষোভ গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া সদর উপজেলার চৌমুহনী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার থেকে শুরু হয়ে চৌমুহনীস্থ বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সহ-সম্পাদক শাহ নেওয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে এম বাহাদুর শাহ বলেন, “চকরিয়া-পেকুয়ার ইতিহাসে জাফর আলম সবচেয়ে কলঙ্কিত চরিত্র। হত্যা, অপহরণ, ডাকাতি থেকে গরু চুরির সেন্ডিকেট— কোনো অপরাধ তার ছোঁয়া বাঁচেনি। প্রকাশ্যে অবৈধ অস্ত্র হাতে মানুষ হত্যা করেছে। অথচ আজ রিমান্ডের নামে তাকে জামাই আদর দেওয়া হচ্ছে। আমরা এই প্রহসন মেনে নেব না।”

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ লোক দেখানো রিমান্ডের নামে এই নাটক বন্ধ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জাফরের মতো অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।”