জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার জুড়ীতে মাতৃত্বকালীন ভাতা আত্মসাৎকারী প্রাইম ব্যাংকিং এজেন্ট জুড়ী শাখার পরিচালক প্রতারক সাব্বির আহমেদের বিচার ও ভোক্তভোগীদের সরকারি ভাতার টাকা ফেরত দেওয়ার দাবীতে ভোক্তভোগী জনসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জুড়ী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোক্তভোগী নারীরা বলেন, অবিলম্বে আমাদের ভাতার সরকারি টাকা ফেরত না দিলে প্রতারক সাব্বিরের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন করা হবে।

জানা যায়, কয়েকদিন ধরে মহিলা বিষয়ক অফিস কর্তৃক প্রদেয় সরকারি মাতৃত্বকালীন ভাত প্রাপ্ত হতদরিদ্র নারীরা ভাতা আত্মসাৎ এর অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন।

অভিযোগের বিষয়ে সাব্বির আহমেদের মুঠোফোনে ফোন দিলে সে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, গ্রাহকদের টাকা হ্যাকাররা নিয়েছে। আমার কিছু করার নেই।

এবিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মো. সুজাউদ্দৌলা সাব্বির এই অফিসে কর্মরত ছিল বিষয়টি স্বীকার করলেও তাকে বাঁচাতে নানা দায়সারা বক্তব্য দিয়ে বিভিন্ন তথ্য গোপন করে বলেন, এ বিষয়ে আমার ম্যাডামের অনুমতি ছাড়া কোন কথা বলতে পারব না। অভিযোগের বিষয়ে প্রাইম ব্যাংকর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচির সহকারী পরিচালক ফ্লোরা ইয়াসমিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্র ধর জানান, সাব্বিরের অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলার মিটিং ও আলোচনা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী নারীদের অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।