চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীদের চকলেট বাজিতে প্রাণ গেল মোঃ ইলিয়াছ প্রকাশ আবু(৫৮) নামে এক রংমিস্ত্রীর। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামে মরহুম শফিকুর রহমানের ছেলে। এ ঘটনায় জড়িত দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

সরেজমিন পরিদর্শনকালে স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বেরলা গ্রামের মুন্সি বাড়ির ইলিয়াছের সাথে জায়গা নিয়ে পাশ^বর্তী খোদেজা বেগম ও রাজিয়া বেগম গংয়ের বিরোধ চলছিল। ইতোপূর্বে খোদেজা বেগম গংয়ের লোকজন বেশ কয়েকবার ইলিয়াছের উপর হামলা চালায়। সর্বশেষ বৃহস্পতিবার সকালেও তারা ইলিয়াছকে দেখে নেয়ার হুমকি দেয়। রাত ৯টার দিকে খোদেজা গংয়ের ভাড়াটিয়া সন্ত্রাসী সৈকত ও রুবেলসহ কয়েকজন চকলেট বাজি ফুটাতে থাকে। এ সময় ইলিয়াছ ভাতিজা মোশারফের ঘরে ছিলেন। আওয়াজ শুনে ঘর থেকে বের হলে ইলিয়াছের উপর চকলেট বাজি নিক্ষেপ করতে থাকে সন্ত্রাসীরা। এক পর্যায়ে ইলিয়াছের মুখে নাকের কাছে চকলেট বাজি পড়ে আঘাতপ্রাপ্ত হয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ইলিয়াছকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই জিজ্ঞাসাবাদের জন্য খোদেজা বেগম ও রাজিয়া বেগমকে আটক করে পুলিশ।