গাজীপুরের কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নদীর প্রবল স্রোতে ভেসে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একনারী। ঘটনাটি ঘটে রোববার সকাল সাড়ে উপজেলার সনমানিয়া ইউনিয়নের খিরাটি এলাকায় ব্রহ্মপুত্র নদে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কয়েক দিন আগে টানা বর্ষণে খিরাটি এলাকার ব্রহ্মপুত্র নদীর তীরের পাকা সড়কের অংশ নদীতে ভেঙে পড়ে। পানি কমে যাওয়ায় নদীর প্রবাহ বন্ধ হয়ে পড়ে এবং কচুরিপানায় নদীটি প্রায় বন্ধ হয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দারা মিলে নদী পরিষ্কারের উদ্যোগ নেন। সকালে নারী ও পুরুষ মিলিয়ে দুটি দল নদীর দুই প্রান্তে কচুরিপানা সরাতে নামে।
এক পর্যায়ে পুরুষদের দল ভাটির দিকের কচুরিপানা সরানোর ফলে নদীতে হঠাৎ স্রোতের সৃষ্টি হয়। এতে উজানে থাকা নারীদের দলটির তিন সদস্য পানির তোড়ে ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে মুমূর্ষ অবস্থায় একজনকে এবং মৃত অবস্থায় একজন নারীকে উদ্ধার করে। তবে আরও একজন নারী নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন-খিরাটি দক্ষিণপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০) এবং একই গ্রামের মোঃ আফিল উদ্দিনের স্ত্রী বিলকিস বেগম (৩৫)। আহত বিনা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এসে সুস্থ হয়ে বাসায় ফিরে আসে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ আব্দুর রব জানান, ঘটনাস্থল থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। আহত নারী চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসা শেষে সে বাসায় ফিরে আসে।
স্থানীয়রা জানান, নদীর প্রবাহ পুনরুদ্ধারে তারা স্বেচ্ছায় কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন। কিন্তু অপ্রত্যাশিত স্রোতের তোড়ে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।