স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

দীর্ঘদিন অবহেলার পর গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডবাসীর বহুল প্রত্যাশিত নীলেরপাড়া-ভোড়া সংযোগ সড়ক এখন উন্নয়নের নতুন ছোঁয়ায় বদলে যাচ্ছে। অবশেষে শুরু হয়েছে কার্পেটিং কাজ, যা আজ বুধবার (২ জুলাই) ও আগামীকালের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহালেও নানা কারণে এই সড়কটির উন্নয়ন থমকে ছিল। বর্ষাকালে কাদা, ধুলাবালি এবং যান চলাচলে বিঘ্নের কারণে জনজীবনে নেমে আসত চরম দুর্ভোগ। অবশেষে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক উদ্যোগে এবং প্রকৌশল বিভাগের দক্ষ তত্ত্বাবধানে এই সমস্যার স্থায়ী সমাধানের পথে অগ্রসর হয়েছে স্থানীয় সরকার।

উন্নয়ন কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক সরফ উদ্দিন আহমেদ মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ ও নির্বাহী প্রকৌশলী এস এম শামসুর রহমান এর নিবিড় তত্ত্বাবধানে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানসম্পন্ন কার্পেটিং উপকরণ ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজটি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু রাস্তার মসৃণতা নয়, বরং দীর্ঘস্থায়িত্ব ও যানবাহনের চলাচলে সহায়ক একটি টেকসই অবকাঠামো তৈরি হচ্ছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, “অনেক বছর পর আমাদের রাস্তা নতুনভাবে তৈরি হচ্ছে দেখে আমরা সত্যিই খুশি। এটি শুধু রাস্তা নয়, আমাদের জীবনের স্বস্তি ও নিরাপত্তার অংশ।”

গাজীপুর সিটি কর্পোরেশনের এই প্রকল্প নগরবাসীর জন্য উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে। পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ এই উন্নয়নকে আরও টেকসই ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

গাজীপুর মহানগরকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহরে পরিণত করতে এমন উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী।