তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোর সদরে অবস্থিত সরকারি পোস্ট অফিসে গ্রাহকের বিপুল পরিমান টাকা লোপাট করে গা ঢাকা দেন পোস্ট মাস্টার। এ ঘটনায় এবার পোস্ট অফিস ঘেরাও করে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রাহকরা। সম্প্রতি তানোর সদরের কুঠিপাড়াস্থ পোস্ট অফিসের সামনে বিক্ষোভ করে তালা ঝুলিয়ে দেয়া হয়। পরে অফিসের সংশ্লিষ্টরা এক সপ্তার ভিতরে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তালা খুলে দেয় বিক্ষুব্ধ গ্রাহকরা।

ভুক্তভোগি সূত্রে জানা গেছে, বাংলাদেশ পোস্ট অফিস ব্যাংকে তানোর পোস্ট অফিসের মাধ্যমে এফডিএ মেয়াদি আমানত হিসাবে বিপুল পরিমান গ্রাহক সঞ্চয় আমানত জমা রাখেন। এরমধ্যে ৫৩ জন গ্রাহকের ১ কোটি ৮৪ লক্ষ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান তৎকালীন সময়ের পোস্ট মাস্টার মকছেদ আলী। টাকা গায়েবের ঘটনার বিষয়ে সত্যতা পাওয়ায় মকছেদ আলীকে সাময়িক বরখাস্ত করে দায় সারেন সংশ্লিষ্টরা। তবে, ওই সময় ভুক্তভোগি গ্রাহকরা থানায় মামলাও করেন। পরে দুদক মামলার তদন্ত করে। কিন্তু গ্রাহকের এতো টাকা লোপাট করা হলেও আজও উদ্ধার হয়নি বলে জানান নুরুল ইসলাম, তাবারুক হোসেন, রাশিদুল হক, নিরমল ও সুমনসহ বেশ কয়েকজন ভুক্তভোগি।

ভুক্তভোগি গ্রাহক রেজিয়া খাতুন বলেন, তাদের এতো টাকা আত্নসাৎ করা হলেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে নিরুপাই হয়ে গ্রাহকরা পোস্ট অফিস ঘেরাও করে গেটে তালা ঝুলিয়ে এক সপ্তার মধ্যে ব্যবস্থা নিতে আল্টিমেটাম দেন।