মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় গরম পানি ঢেলে স্বপ্না আক্তার (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীর শরীর ঝলসে দেওয়ার ঘটনায় তার চাচা শ্বশুর কুদ্দুস মোল্লাকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ভোররাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। কুদ্দুস মোল্লা বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বেনিখলা গ্রামের মৃত ছালাম মোল্লার ছেলে। ঝলসে যাওয়া স্বপ্না আক্তার প্রবাসী নাছির উদ্দিন মোল্লার স্ত্রী।

আহত স্বপ্না আক্তার জানান, “আমাদের রান্নার ধোঁয়া নাকি আমার চাচাশ্বশুরের ঘরে ঢোকে। এ নিয়ে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। আমি সকালে ভাত রান্না ও গরুর পানি গরম করার জন্য চুলায় আগুন দেই। হঠাৎ আমার চাচাশ্বশুর এসে আমার শ্বশুরকে গালমন্দ করতে থাকে। খালি বাড়িতে গালমন্দ করার প্রতিবাদ করলে আমার চুলায় থাকা গরম পানি আমার ওপর ঢেলে দেয়। আমি যন্ত্রণায় শুধু গড়াগড়ি করছিলাম। আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।”

স্বপ্না আক্তারের শাশুড়ি ফিরোজা বেগম জানান, কুদ্দুস মোল্লা তার ভাসুর। রান্নার চুলার ধোঁয়া তাদের ঘরে প্রবেশ করা নিয়ে মূলত শত্রুতা। এই তুচ্ছ বিষয় নিয়ে এর আগেও বেশ কয়েকবার কথা-কাটাকাটি হয়েছে। তিনি আরো বলেন, “এমন তুচ্ছ ঘটনা নিয়ে গরম পানি ঢেলে আমার ছেলের বউয়ের শরীর ঝলসে দেবে, তা ভাবতেও পারিনি।”

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, এ বিষয়ে স্বপ্না আক্তারের বাবা আবদুল মতিন বাদী হয়ে গত ১২ জুন একটি মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কুদ্দুস মোল্লা পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে মুরাদনগর ও কামরাঙ্গীরচর থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। শনিবার বিকেলে তাকে কুমিল্লার আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।