মীরসরাই সংবাদদাতা: কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় মীরসরাইয়ে ড্রামট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন। সম্প্রতি মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ড্রামট্রাক চালক ফারুক হোসেন (৩৯) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে। নিহত চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চক্করতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়। এসময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারীর নিহত হন। জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ড্রামট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িগুলো আমরা হেফাজতে নিয়েছি। এই বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।