হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থা সম্প্রসারণ ও ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সেমিনার। ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, যার লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সকালে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়াম এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। তিলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাস মসজিদের ইমাম জনাব মো. খালেদ সাইফুল্লাহ। পরবর্তীতে পবিত্র গীতা পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার জনাব জনাবদন ভট্টাচার্য।

এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের স্বাগত বক্তব্য সম্বলিত ভিডিও প্রদর্শন এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের ওপর বিশদ উপস্থাপনা তোলে ধরেন জনাব মোহাম্মদ মঈন উদ্দিন, যুগ্ম পরিচালক, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন); প্রফেসর ড. মো. শামীম উদ্দিন খান, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক); জনাব মো. আরিফুজ্জামান, পরিচালক, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিস; জনাব মো. আলতাফ হুসাইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি; এবং জনাব সোহেল আলিম, পরিচালক, মাস্টারকার্ড বাংলাদেশ এবং মোহাম্মদ আলম এভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ ইসলামি ব্যংক হাটহাজারী।

সম্মানিত অতিথি জনাব মো. মকবুল হোসেন, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস বলেন,

“ক্যাশলেস বাংলাদেশ শুধু একটি প্রকল্প নয়, এটি স্মার্ট অর্থনীতির ভিত্তি। শিক্ষিত তরুণ প্রজন্ম যদি ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়, তবে দুর্নীতি, জাল নোট ও আর্থিক অনিয়ম অনেকাংশে কমে যাবে।”

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন,

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। আমরা চাই শিক্ষার্থীরা এখান থেকেই ডিজিটাল লেনদেনের চর্চা শুরু করুক। ক্যাশলেস লেনদেন কেবল সময় বাঁচায় না, এটি একটি নিরাপদ ও স্বচ্ছ অর্থনীতির নিশ্চয়তা দেয়।”

সেমিনারে কো-ব্র্যান্ডেড কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক জনাব রাফেজা আক্তার কান্তা। তিনি বলেন,

“বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশে নগদবিহীন (Cashless) অর্থনীতি প্রতিষ্ঠা করা। এজন্য ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের অংশীদারিত্ব অপরিহার্য।”

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল আর্থিক ব্যবস্থার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা করছেন আয়োজকরা। সেমিনার শেষে ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস’—এই প্রতিশ্রুতি উচ্চারণের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে দিনের কর্মসূচির।