টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিশুদের জন্য গড়ে উঠছে আধুনিক মানের একটি বিনোদন পার্ক। উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই পার্কে থাকবে শিশুদের জন্য আকর্ষণীয় রাইড, প্রায় এক হাজার ফুট দীর্ঘ ওয়াকওয়ে, মনোমুগ্ধকর ফুলের বাগান এবং সবুজের সমারোহে ঘেরা একটি উন্মুক্ত মাঠÑযা বিনোদনের পাশাপাশি প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর এক অনন্য সুযোগ এনে দেবে।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পার্ক প্রাঙ্গণে একটি অত্যাধুনিক “টঙ্গীবাড়ী লার্নিং সেন্টার” স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিশুদের সাঁতার শেখার জন্য নির্মিত হচ্ছে একটি আধুনিক সুইমিং পুল।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন “এটি টঙ্গীবাড়ীর ইতিহাসে প্রথম শিশু পার্ক, যা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পরিষদ, উপজেলা পরিষদসহ সরকারি ও বেসরকারি সংস্থার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এটি একটি জনবান্ধব প্রকল্পÑবাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও জানান, শুরুতে কিছু অসাধু দখলদার নির্মাণে বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রশাসনের দৃঢ় অবস্থানের কারণে তারা ব্যর্থ হয়। বর্তমানে কাজ নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে।

এই পার্কের নির্মাণ সম্পন্ন হলে টঙ্গীবাড়ীর শিশু-কিশোরদের জন্য এটি হয়ে উঠবে এক ব্যতিক্রমী বিনোদন ও শিক্ষামূলক কেন্দ্র, যা স্থানীয়দের জীবনযাত্রায় আনবে ইতিবাচক পরিবর্তন।