এবার আরো বড় পরিসরে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এই বইমেলা। চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে সোমবার বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ছুটির দিন বাদে প্রতিদিন বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। আর ছুটির দিনে মেলা শুরু হবে সকাল থেকেই। এবারের মেলায় থাকবে ৭০টিরও বেশি স্টল। ইতোমধ্যে ৬৫টি প্রকাশনা সংস্থা স্টলের জন্য আবেদন করেছে। সভায় আরো জানানো হয়, মেলার প্রতিদিনই ভিন্ন ভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হবে সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা। সেরা তিনটি স্টলকে দেয়া হবে বিশেষ পুরস্কার। মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, সুপেয় পানি, মেডিকেল টিম এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।