শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট থেকে পিস্তল ম্যাগজিন ও মোবাইলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে গোগার পাঁচভুলোট গ্রামে। বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পাঁচভুলোট গ্রামে দুটি অস্ত্রের চালানপাচার হচ্ছে। এমন সংবাদে পাঁচভুলোট গ্রামে অভিযান চালিয়ে দুটি নাইম এম এম পিস্তল সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো পাঁচভুলোট গ্রামের ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) ও রবিউলের ছেলে ইছা সর্দার (৫০)।

এ ব্যাপারে জানতে চাইলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, পাঁচভুলোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র মজুদের গোপন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। প্রথমে অভিযান চালানো হয় আবদুল মজিদের বাড়িতে। তাকে সন্দেহ ভাজন হিসেবে আটক করার পর তার দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো একটি ৯ এমএম বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার বাসিন্দা ইছা সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার গোয়ালঘরের পাশ থেকে আরও একটি ৯ এমএম পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।