মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে অবৈধ দখল ও যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সম্প্রতি মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ্’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনী যৌথভাবে সহযোগিতা করেন।
অভিযান চলাকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন। বাজারের জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা মোতাবেক মোট ৯ জনকে আটক করে তাদের কাছ থেকে ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসময় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্ল্যাহ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “জনসাধারণের চলাচলের পথ অবরুদ্ধ করে অবৈধভাবে ফুটপাত দখল করা দণ্ডনীয় অপরাধ। বাজারের শৃঙ্খলা ও জনস্বার্থের জন্য সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যতে কেউ এই নির্দেশ অমান্য করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া বাজারে উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, বাজারকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার জন্য সকল প্রকার অবৈধ স্থাপনা, দোকানপাট ও ফুটপাত দখল মুক্ত রাখতে হবে। অন্যথায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, ফুটপাত দখল করে অবাধে দোকান বসানো ও অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে নতুন বাজার এলাকায় জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জনস্বার্থে বাজার ও ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।