মৌলভীবাজার জেলা সংবাদদাতাঃ দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এম ইদ্রিস আলীর উপর পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টায় সাংবাদিক ইদ্রিস আলী তাঁর স্ত্রী -কে নিয়ে স্ত্রীর বাপের বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বহিরাগত একদল সন্ত্রাসী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাঁর উপর নৃশংস হামলা চালায়। হামলাকারীরা তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ‘পরকীয়ার মিথ্যা অপবাদ’ দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার আহাদ মিয়া, মানবজমিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল, আমার দেশ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, জনবাণী পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি অন্তর মিয়া, ভোরের দর্পণ-এর জেলা প্রতিনিধি জাফর আহমেদ সহ অন্যন্যরা। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের জের ধরেই এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটানো হয়েছে। তাঁরা এই হামলাকে স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত বলে উল্লেখ করেন। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিক এম ইদ্রিস আলীর নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণেই তাঁর উপর এই হামলা হয়েছে। এটি কেবল একজন সাংবাদিকের উপর আক্রমণ নয়, বরং সত্য প্রকাশের কণ্ঠরোধের অপচেষ্টা। প্রতিবাদকারীরা বলেন, আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। সাংবাদিক ইদ্রিস আলীর উপর হামলা গণমাধ্যমের উপর হামলাÑআমরা কোনোভাবেই তা মেনে নেব না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। প্রধান দাবিসমূহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।