মো. সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য সড়িয়ে তার স্থলে কুরআনের ভাস্কর্য স্থাপন করেছেন তৌহিদী জনতা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজাপুর থানার উত্তরপাশ্বে প্রেসক্লাব চত্বরে এটি স্থাপন করা হয়। কুরআনের ভাস্কর্য স্থাপন শেষে এলাকাটি কুরআন চত্বর হিসেবে ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে আওয়ামী লীগ সরকার নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য সরিয়ে ফেলা হয়। পরে সেখানে কুরআনের ভাস্কর্য স্থাপন করে আল্লাহর কালামের মর্যাদা রক্ষার দাবিতে স্লোগান দেওয়া হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার মো. জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের তৈরি মূর্তি চিরতরে ভেঙে ফেলা হয়েছে। সেখানে কুরআনের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। প্রেস ক্লাব ও থানার অফিসারদের তৌহিদী জনতা দি জনতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
এসময় জামায়াতে ইসলামীর রাজাপুর উপজেলা আমীর মাস্টার মো. কবির হোসেন বলেন, আগামীর দিন ইসলামের দিন, কুরআনের দিন। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ রাজাপুরে কুরআনের ভাস্কর্য স্থাপন করা হলো। সকল ইসলামী দল একত্র হয়ে ইসলামের পক্ষে নির্বাচন করবে। আগামীর নির্বাচন হবে ইসলামের পক্ষে ও ইসলামের বিপক্ষে নির্বাচন। স্থানীয় সচেতন মহল বলছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা ও কোরআনের ভাস্কর্য স্থাপনের বিষয়টি প্রশাসনের অনুমতি নিয়ে হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে এলাকার মুসল্লীরা এটাকে স্বাগত জানিয়েছেন।